নেতাজী স্মরনে দৌড় ৮২ বছরের এশিয়াড জয়ী দৌড়বিদের
দি নিউজ লায়নঃ নেতাজী স্মরনে দৌড় ৮২ বছরের এশিয়াড জয়ী দৌড়বিদের। শনিবার সকালে নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে সন্মান জানাতে সোনারপুরের জনবহুল বাজার এলাকায় দৌড়লেন একদা দেশের হয়ে বয়স্কদের দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ী দৌড়বিদ অমূল্য বৈদ্য। অমূল্যবাবুর বয়েস বর্তমানে ৮২ বছর পেরিয়েছে। ছোট বয়েসে দেশের স্বাধীনতা যুদ্ধে নেতাজির সংগ্রাম দেখেছেন।
তখন থেকেই তিনি নেতাজি অনুরাগী। পরে বড় হয়ে নেতাজির অনুপ্রেরণা তাঁকে দেশের হয়ে কিছু করার প্রেরণা দিয়েছে। আর সেই প্রেরণাই তাঁর ক্রীড়াবিদ হয়ে দেশের জন্য পদক আনার স্বপ্ন দেখিয়েছে। তাই ২০০০ সালে এশিয়াডে ৬০ বছরের উর্দ্ধের বয়স্কদের জন্য ১৫০০ মিটার দৌড়ে তিনি দেশের হয়ে প্রথম ব্রোঞ্জ পদক জেতেন। অমূল্য বৈদ্য জানান, অলিম্পিকে দৌড়ানোর সুযোগ পেয়েছিলাম।
কিন্তু বিভিন্ন অসুবিধার কারনে আর অলিম্পিকে অংশ নেওয়া হয় নি। তবে দেশের জন্য পদক জিতে যুদ্ধ জয়ের আনন্দ পেয়েছিলাম। তখন বুঝেছিলাম দেশের জন্য লড়াইয়ের অনুভূতি। নেতাজী আমার কাছে হিরো। তাই তাঁর ১২৫ তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানাতে সোনারপুর উড়াল পুলের সামনে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে দৌড় শুরু করে সোনারপুর বাজার পরিক্রমা করলাম। দেশের বীর সন্তানকে শ্রদ্ধা জানালাম। এদিন তাাঁর এই দৌড় ঘিরে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বয়সে দীর্ঘ পথ দৌড়ে অমূল্য বৈদ্য নেতাজীকে এভাবে শ্রদ্ধা জানানোয় স্থানীয় মানুষ তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

Post a Comment